রংপুর মহানগরের পৃথক এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৫টা ১০ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর ‘ক’ সার্কেলের উদ্যোগে এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কারিমুল মাওলার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি রংপুর মহানগরের কোতোয়ালি মেট্রো থানার লালবাগ কেডিসি পাড়া রেলস্টেশন সংলগ্ন এলাকা এবং তাজহাট মেট্রো থানার ডিমলা করনগোটলা এলাকায় পরিচালিত হয়।
অভিযানে রহমত, আনিছুর ও হোসেন আলী নামে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মোট ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
পরে ঘটনাস্থলেই পরিচালিত তিনটি পৃথক মোবাইল কোর্ট মামলায় তিন আসামিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কারিমুল মাওলা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয়ের পরিদর্শক এস এম এলতাস উদ্দিন এ অভিযানে বাদী হিসেবে দায়িত্ব পালন করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।