রংপুর নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের দর্শনা মোড়ে ব্যস্ততম মহাসড়কে দ্রুত স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষ।
শনিবার (৩১ জুলাই) বাদ আসর ঢাকা রংপুর মহাসড়কের দর্শনা মোড়ে সড়ক অবরোধ করে স্থানীয় এলাকাবাসীরা বলেন, চার দিকের সড়কের সংযোগস্থল হওয়ায় প্রতিদিন অসংখ্য যানবাহন উচ্চগতিতে চলাচল করে। অথচ পথচারীদের নিরাপদ পারাপারের জন্য এখনো কোনো স্পিড ব্রেকার নির্মাণ করা হয়নি। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। তাই সম্ভাব্য প্রাণহানি এড়াতে দ্রুত স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাফিউল ইসলাম শাফী, মহানগর বিএনপি নেতা শাহিনুল ইসলাম শাহীন, জাতীয় ছাত্র শক্তি রংপুর মহানগরের ছাত্রনেতা খাইরুল ইসলাম মারুফ, দর্শনা মোড় দোকান মালিক সমিতির সভাপতি রাসেল ইবনে সিরাজ, সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম।
এছাড়াও সংগঠনটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সুজন, আপেল মাহমুদ, দর্শনা মোড় বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. আল ইমরান, মহানগর ছাত্রদলের মো. মোহাইমিনুল ইসলাম সিয়ামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
দ্রুত স্পিড ব্রেকার ও ফুটওভার ব্রীজ নির্মাণ সহ প্রয়োজনীয় সড়ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।