রংপুরে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত একটি প্রতিষ্ঠান সংস্কার শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
প্রশাসন, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ক্ষতিপূরণ প্রদান এবং সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করেন রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মামুন পারভেজ, জুবায়ের হাসান রজু, সালেহ নুর, মোস্তাফিজুর রহমান খোকন, ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আরিফ আরেফিন, যুবনেতা সুজন, সজিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, সংঘর্ষের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই কাম্য নয়। সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সব ধরনের বিরোধের শান্তিপূর্ণ সমাধানই হওয়া উচিত। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটি পুনর্নির্মাণ ও উদ্বোধনের মাধ্যমে এলাকায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
উল্লেখ্য, পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রংপুর মেট্রোপলিটন পুলিশ আগে থেকেই বিভিন্ন নির্দেশনা জারি করেছিল। মিছিল চলাকালে অস্ত্র, লাঠিসোঁটা ও আতশবাজি বহন নিষিদ্ধ করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।