রংপুরের মানুষের জন্য তথ্য, নাগরিক সেবা ও মতামত প্রকাশের সুযোগ নিয়ে যাত্রা শুরু করেছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘রংপুর ডায়েরি’। উদ্যোক্তা এম এ রশিদের উদ্যোগে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মের লক্ষ্য রংপুরবাসীর দৈনন্দিন জীবনকে আরও সহজ ও তথ্যসমৃদ্ধ করা।
উদ্যোক্তারা বলছেন, রংপুর ডায়েরি শুধু একটি ওয়েবসাইট নয়, এটি রংপুরের নাগরিকদের জন্য একটি নির্ভরযোগ্য ডিজিটাল তথ্যভান্ডার। এখানে সরকারি ও বেসরকারি অফিস, আদালত, হাসপাতাল, ক্লিনিক, ডাক্তার, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, দর্শনীয় স্থান, হোটেল-রেস্তোরাঁ, জরুরি সেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
এছাড়া নাগরিক সমস্যাও এই প্ল্যাটফর্মে তুলে ধরা যাবে। রাস্তা, ড্রেনেজ, বিদ্যুৎ, পরিবেশ বা জনদুর্ভোগের মতো বিষয় নিয়ে সাধারণ মানুষ মতামত ও অভিযোগ জানাতে পারবেন। এসব তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনারও পরিকল্পনা রয়েছে।
তথ্যসেবার পাশাপাশি মানবিক কাজেও গুরুত্ব দিচ্ছে রংপুর ডায়েরি। সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে অসচ্ছল নারীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ, দরিদ্র পরিবারের জন্য খাদ্য সহায়তা এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণের মতো উদ্যোগ রয়েছে।
রংপুর ডায়েরির প্রতিষ্ঠাতা এম এ রশিদ বলেন, “আমার স্বপ্ন, রংপুরের প্রতিটি মানুষ যেন একটি প্ল্যাটফর্ম থেকেই প্রয়োজনীয় তথ্য পায়, নিজের মতামত প্রকাশ করতে পারে এবং এলাকার সমস্যাগুলো সহজে তুলে ধরতে পারে।”
তিনি জানান, www.rangpurdiary.com ওয়েবসাইটটি ইতোমধ্যে চালু হয়েছে। পাশাপাশি অ্যান্ড্রয়েড অ্যাপও প্রকাশ করা হয়েছে। অ্যাপের মাধ্যমে নাগরিক সেবা, তথ্য অনুসন্ধান, অভিযোগ ও মতামত জানানো আরও সহজ হবে।
প্ল্যাটফর্মটির কারিগরি উন্নয়ন ও পরিচালনায় কাজ করছেন রংপুর ডায়েরির আইটি ডিরেক্টর আদনান হাফিজ।
উদ্যোক্তাদের আশা, রংপুর ডায়েরি ভবিষ্যতে রংপুরের তথ্যভান্ডার, মানুষের কণ্ঠস্বর এবং একটি স্মার্ট ও আধুনিক রংপুর গড়ার কার্যকর ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।