ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর বর্তমানে জীবনের এক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। অভিনয়শিল্পী হিসেবে সৌন্দর্য, ওজন বা চুল—এসব নিয়ে অনেকেই ভাবেন। তবে দীপিকার কাছে এখন এসব গৌণ। তার একমাত্র লক্ষ্য—যেকোনো মূল্যে সুস্থ হয়ে একমাত্র সন্তানকে বুকে জড়ানো।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে সহ-অভিনেত্রী রশ্মি দেশাইকে সঙ্গে নিয়ে এক আলাপচারিতায় দীপিকা নিজের অসুস্থতার কথা খোলাখুলিভাবে জানান। এ সময় প্রকাশ্যে আসে তার ক্যানসারের সঙ্গে চলমান সংগ্রামের বিষয়টি।
‘শ্বশুরাল সিমর কা’ নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া এই তারকা জানান, চিকিৎসার প্রভাবে তার চুল ঝরে যাচ্ছে এবং ওজন বাড়ছে। তবে তার মতে, “এই মুহূর্তে চেহারা বা সৌন্দর্য কোনও বিষয় নয়। আমার সামনে একটাই লক্ষ্য—সুস্থ হওয়া, ছেলের জন্য।”
দীপিকা বলেন, ক্যানসার ধরা পড়ার খবর শোনার পর তার মাথায় শুধু ছেলের মুখ ভেসে ওঠে। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার দিনটিতে তাকে প্রথমবারের মতো সন্তানকে সঙ্গে না নিতে হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। মাত্র এক বছরের শিশু মায়ের জন্য কান্নায় ভেঙে পড়লে তিনিও কষ্ট সামলাতে পারেননি। এই সময়ে তার স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিমও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পরে দুজন মিলে সিদ্ধান্ত নেন—যা-ই হোক, দীপিকাকে সুস্থ করতেই হবে। বর্তমানে পরিবারকে পাশে পেয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি।