আরএনবি ডেস্ক:
ব্যক্তিত্বের নৈতিক সংস্কার ও আত্মশুদ্ধির লক্ষ্যে ধর্মপ্রাণ মুসল্লিকে নিয়ে রংপুরে প্রথমবারের মতো শুরু হয়েছে তাবলিগ জামাতের বিভাগীয় ইজতেমা। প্রায় ৮০ একর জায়গাজুড়ে বিস্তৃত ইজতেমার মাঠে বুধবার (১০ ডিসেম্বর) রাত থেকেই মুসল্লিদের ঢল নামে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা শুরু হয়। উদ্বোধনী বয়ান পেশ করেন মাওলানা আব্দুল কাদের। শুক্রবার জুম্মার নামাজে নিয়মিত অংশগ্রহণকারীদের পাশাপাশি অতিরিক্ত লক্ষাধিক মুসল্লি অংশ নেবেন বলে ধারণা আয়োজকদের। শনিবার দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার আনুষ্ঠানিকতা।
রংপুর নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকায় প্রায় ৮০ একর জায়গায় অনুষ্ঠিত হচ্ছে বিভাগীয় ইজতেমা। মাসব্যাপী প্রস্তুতিতে পুরো মাঠ ঘিরে নিরাপত্তা ও অবকাঠামোগত কাজ সম্পন্ন করা হয়েছে। বুধবার দুপুর থেকেই বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমা মাঠে আসতে শুরু করেন এবং রাতের মধ্যেই সবাই নিজ নিজ জেলা ও উপজেলা ভিত্তিক নির্ধারিত স্থানে অবস্থান নেন।
আয়োজক কমিটির তথ্যমতে, রংপুর বিভাগের আট জেলার তাবলিগ সাথিরা ইজতেমায় অংশ নিচ্ছেন। পাশাপাশি দেশের বিভিন্ন জেলার ৪০ দিনের চিল্লায় অংশ নেওয়া সাথীরাও উপস্থিত হয়েছেন। সব মিলিয়ে মুসল্লির সংখ্যা কয়েক লাখ ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ২০০ বিদেশি মেহমান ইজতেমায় যোগ দিয়েছেন।
আয়োজক কমিটির সদস্য খালেকুজ্জামান রাজা জানান, ইজতেমা মাঠ আলোকিত রাখতে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি শতাধিক জেনারেটর রাখা হয়েছে। মুসল্লিদের ওজু ও গোসলের জন্য পর্যাপ্ত পানি ও ট্যাপের ব্যবস্থা করা হয়েছে, যেখানে একসঙ্গে কয়েক হাজার মানুষ ওজু করতে পারবেন।
তাছাড়া আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অর্ধশতাধিক মেডিকেল টিম সার্বক্ষণিক মাঠে দায়িত্ব পালন করবে।