অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে হুমকি-ধামকির মামলায় জবাব দাখিলের তারিখ পিছিয়ে আগামী বছরের ১২ জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত।বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির জবাব দাখিলের দিন ধার্য ছিল। তবে সংশ্লিষ্ট আদালতের বিচারক বদলি হওয়ায় এদিন শুনানি অনুষ্ঠিত হয়নি। এ কারণে পরবর্তী শুনানির জন্য আদালত আগামী ১২ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেন।আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার সাংবাদিকদের জানান, সম্প্রতি সংশ্লিষ্ট আদালতের বিচারক অন্যত্র বদলি হওয়ায় নির্ধারিত তারিখে মামলার শুনানি গ্রহণ করা সম্ভব হয়নি। নতুন বিচারক যোগদানের পর মামলার নথিপত্র পুনরায় উপস্থাপন করে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ১৬ নভেম্বর অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর তৎকালীন বিচারক আফরোজা হক তানিয়ার আদালত তাদের জামিন মঞ্জুর করেন।মামলার অভিযোগে বলা হয়, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সূত্রে আসামি মেহজাবীন চৌধুরী তার নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রলোভন দেখিয়ে নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা গ্রহণ করেন। তবে দীর্ঘ সময়েও ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায় বাদী টাকা ফেরত চাইলে নানা অজুহাতে কালক্ষেপণ করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, সর্বশেষ গত ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে গেলে মেহজাবীন ও তার ভাই বাদীকে জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭(৩) ধারায় মামলাটি দায়ের করেন।