অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরীর প্রয়াণের তিন বছর পূর্ণ হলো আজ। বাবার মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়ে তাকে স্মরণ করেছেন জনপ্রিয় এই অভিনেতা।
ফেসবুকে বাবার একটি ছবি শেয়ার করে চঞ্চল চৌধুরী লেখেন,
“বাবা… তিন বছর হয়ে গেলো… তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছো অনন্তলোকে। তোমাকে দেখতে ইচ্ছে করে খুব!!! ছুঁতে ইচ্ছে করে…. কিন্তু পারিনা, আর পারবোও না কোনোদিন!! ভালো থেকো বাবা।”
২০২২ সালের ২৭ ডিসেম্বর রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাধা গোবিন্দ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুর আগে প্রায় দুই সপ্তাহ তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। শেষ দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তার অবস্থার অবনতি ঘটে।
রাধা গোবিন্দ চৌধুরী পেশায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। পাবনার সুজানগর এলাকায় তিনি ‘দুলাল মাস্টার’ নামে পরিচিত ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি ছিলেন ছেলের সাফল্যের সবচেয়ে বড় অনুরাগী। চঞ্চল চৌধুরীকে নিয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদগুলো সযত্নে ঘরের দেয়ালে লাগিয়ে রাখতেন তিনি।
মৃত্যুর পরদিন পাবনার সুজানগর উপজেলার কামারহাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। বাবার মৃত্যুবার্ষিকীতে চঞ্চল চৌধুরীর এই আবেগঘন পোস্ট ভক্ত ও অনুরাগীদের মধ্যে গভীর অনুভূতির সৃষ্টি করেছে। অনেকেই মন্তব্যে তার বাবার আত্মার শান্তি কামনা করেছেন।