সাড়ে ১৮ কোটি টাকার বেশি জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমন ও তাঁর স্ত্রী শাহানাজ আক্তারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক আপেল মাহমুদ বিপ্লব মামলাগুলো দায়ের করেন বলে দুদকের জনসংযোগ দপ্তর জানিয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, জিয়াউল হক সুমন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও একজন ব্যবসায়ী। তিনি দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ৮৬ লাখ ৯০ হাজার ২৩৭ টাকার সম্পদের তথ্য গোপন করেন। পাশাপাশি তদন্তে তাঁর নামে ১৬ কোটি ৫১ লাখ ১০ হাজার ৩৫২ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগদখলের প্রমাণ পাওয়া গেছে।
এ ছাড়া তাঁর স্ত্রী শাহানাজ আক্তার স্বামীর সহায়তায় ২ কোটি ২ লাখ ২৬ হাজার ২৬৯ টাকার জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন বলে তদন্তে উঠে এসেছে।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৬(২) ও ২৭(১) ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে দুদক।