ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্রুকলিনের একটি বন্দিশিবিরে আটক রয়েছেন। মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে তাকে ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে।
মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (২ জানুয়ারি) ভোররাতে ভেনেজুয়েলায় চালানো এক বিশেষ অভিযানে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার রাতে তাদের নিউইয়র্কে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক আছেন।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক পাচার ও অবৈধ অস্ত্র চোরাচালানের একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ বরাবরের মতোই প্রত্যাখ্যান করে আসছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।
এদিকে, প্রেসিডেন্ট মাদুরোর আটক হওয়ার পর ভেনেজুয়েলার আদালতের নির্দেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেলসি রদ্রিগেজকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী দ্য আটলান্টিক-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রদ্রিগেজ যদি ‘সঠিক সিদ্ধান্ত’ না নেন, তাহলে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে।
মার্কিন অভিযানের বিরোধিতা করায় ডেলসি রদ্রিগেজের প্রতি এই হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।