কনকনে শীতে যখন সবাই গরম কাপড় আর কম্বলের আশ্রয়ে, ঠিক তখনই উল্টো চিত্র তুলে ধরলেন অভিনেত্রী সাদিয়া আয়মান। শীতের মাঝেই পানিতে নেমে জলকেলিতে মেতে উঠে জানালেন—তার অনুভূতি নাকি শীতের চেয়েও শীতল।
ছোট পর্দা থেকে সিনেমা—দুই মাধ্যমেই সমান জনপ্রিয় এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সেন্স ও গ্ল্যামারে নিয়মিতই ভক্তদের নজর কাড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় সাদিয়া প্রায়ই নিজের কাজ ও ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশ করা কয়েকটি ছবিতে দেখা যায়, একটি সমুদ্রসংলগ্ন হোটেলের সুইমিংপুলে সময় কাটাচ্ছেন তিনি। গোলাপি টি-শার্ট, চোখে সানগ্লাস—নীল আকাশ আর প্রাণবন্ত ভঙ্গিতে ক্যামেরাবন্দী সাদিয়া যেন শীতের আবহকেই অগ্রাহ্য করেছেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা!”
ছবি প্রকাশের পরপরই ভক্তদের মন্তব্যে ভরে যায় পোস্টটি। কেউ মজা করে লেখেন, “তোমার হাসিতেই শীত উধাও!” আবার কেউ প্রশ্ন তোলেন, “এটা কি সত্যিই শীতের ছবি?”
এর আগে লাল বেনারসিতে ব্রাইডাল ফটোশুটে রাজকীয় সাজে চমক দেখিয়েছিলেন সাদিয়া। তবে শুধু রূপ নয়, অভিনয়েও নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। ২০২৫ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া উৎসব সিনেমায় তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি গত বছর মুক্তি পাওয়া দেরি করে আসবেন, খুঁজি তোকে, মেঘ বৃষ্টি রোদ্দুর ও প্লিজ গো নাটকেও দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি।
শীতের মাঝেও সাদিয়ার এই উষ্ণ উপস্থিতি যেন ভক্তদের মনে আলাদা রকমের রোদ ছড়িয়ে দিল।