দেশজুড়ে অভিযান ও জরিমানার প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে এক নোটিশ জারি করে এই ঘোষণা দেয় সংগঠনটি। নোটিশে বলা হয়েছে, সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে।
এর আগে বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে, প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে, দাবি পূরণ না হওয়ায় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সংগঠনটি।
প্রসঙ্গত, বিইআরসি প্রতি মাসে এলপিজির মূল্য সমন্বয় করে থাকে। সর্বশেষ গত ৪ জানুয়ারি নতুন মূল্য ঘোষণা করা হয়। এ বিষয়ে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির লিখিত বক্তব্যে বলা হয়, পরিবেশকদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই এলপিজির দাম পুনর্নির্ধারণ করা হয়েছে, যা তারা মেনে নিতে পারছেন না।
এলপিজি সরবরাহ বন্ধ থাকলে এর প্রভাব পড়তে পারে দেশের গৃহস্থালি, হোটেল-রেস্তোরাঁ ও বাণিজ্যিক খাতে—এমন আশঙ্কাও করছেন সংশ্লিষ্টরা।