ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন ঘিরে সৃষ্ট অস্থিরতার মধ্যে আবারও কড়া সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ার করে বলেছেন, বিক্ষোভ দমনের নামে যদি সাধারণ মানুষকে হত্যা করা হয়, তাহলে ইরানকে ভয়াবহ মূল্য দিতে হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এই মন্তব্য করেন ট্রাম্প। এমন এক সময়ে তার এ বক্তব্য এলো, যখন ইরানজুড়ে প্রায় দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় গণবিক্ষোভ দেখা দিয়েছে।
রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটের অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি আগেই ইরানকে জানিয়ে দিয়েছেন— যদি বিক্ষোভকারীদের হত্যা শুরু হয়, তবে যুক্তরাষ্ট্র কঠোরতম জবাব দেবে।
হিউইট উল্লেখ করেন, চলমান আন্দোলনে ইতোমধ্যে বহু মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, কিছু মৃত্যুর ঘটনা ভিড়ের চাপে বা পদদলিত হয়ে ঘটতে পারে, যা সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ফল নাও হতে পারে।
এর আগেও গত শুক্রবার একই ধরনের সতর্কতা দিয়েছিলেন ট্রাম্প। সে সময় তিনি বলেছিলেন, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যদি ইরান সরকার সহিংসতা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের পাশে দাঁড়াবে।
মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৫ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন, যাদের মধ্যে আটজন শিশু রয়েছে।
হিউইটের অনুষ্ঠানে ইরানের আন্দোলনকারীদের উদ্দেশে সমর্থনের বার্তা দিতে গিয়ে ট্রাম্প বলেন, “আপনাদের স্বাধীনতার দাবিতে দৃঢ় থাকতে হবে। আপনারা সাহসী মানুষ। আপনার দেশের সঙ্গে যা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। একসময় ইরান ছিল একটি মহান দেশ।”