কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নে চুরির অভিযোগ তুলে এক যুবককে গণপিটুনিতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে কাচিচর ফারাজি পাড়া গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ওই এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা। তাকে চোর সন্দেহে আটক করার পর উত্তেজিত লোকজন মারধর শুরু করে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ফল অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।