শীতকালে শুষ্ক বাতাসের প্রভাবে ত্বকের মতো চুলও আর্দ্রতা হারায়। তার ওপর ধুলাবালির দাপটে চুল হয়ে ওঠে রুক্ষ ও নিষ্প্রাণ। ফলে সহজেই জট লাগে, চিরুনি দিলেই ঝরে পড়ে অনেক চুল। এই সময়ে চুল পড়া কমাতে ও সুস্থ রাখতে প্রয়োজন চুলের শুষ্কতা দূর করা। তবে এজন্য দামি প্রসাধনী কেনার দরকার নেই। ঘরোয়া প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি করা যায় কার্যকর স্মুথেনিং ক্রিম।
নারকেলের দুধ
ভিটামিনসমৃদ্ধ নারকেলের দুধ চুলের পুষ্টি জোগায় এবং আর্দ্রতা ফিরিয়ে আনতে সহায়ক। চুল মজবুত ও উজ্জ্বল করতে নারকেলের দুধ দিয়ে হেয়ার ক্রিম বানাতে পারেন। একটি পাত্রে ১ কাপ নারকেলের দুধের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে ফ্রিজে রাখুন। ব্যবহারের আগে ভালোভাবে নেড়ে নিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে উপকার মিলবে।
মধু
চুলের রুক্ষতা ও শুষ্কতা দূর করতে মধু অত্যন্ত কার্যকর। এটি চুলের হারানো আর্দ্রতা ফিরিয়ে এনে স্বাভাবিক ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে। এক কাপ কাঁচা দুধের সঙ্গে আধা কাপ মধু ভালোভাবে মিশিয়ে একটি ক্রিম তৈরি করুন। এরপর চুলে লাগিয়ে ৪০ মিনিট অপেক্ষা করুন। পরে শ্যাম্পু করে ধুয়ে নিলে চুল হবে নরম ও মোলায়েম।
ডিম
চুলকে রেশমি ও প্রাণবন্ত রাখতে ডিমের ব্যবহার বেশ জনপ্রিয়। শুষ্কতা দূর করতে ডিমের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে হেয়ার ক্রিম তৈরি করা যায়। দুটি ডিম ভালোভাবে ফেটিয়ে তার সঙ্গে ২ টেবিল চামচ অলিভ অয়েল মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে চুলের আর্দ্রতা ফিরে আসবে এবং চুল হবে স্বাস্থ্যবান।