নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে কঠোর অবস্থানে ইসি। গত এক মাসে সারাদেশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫৯টি মামলা দায়ের করা হয়েছে। জরিমানা আদায় হয়েছে ৩২ লাখ টাকার বেশি। নির্বাচন কমিশনের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এই অভিযান অব্যাহত থাকবে। বিস্তারিত রিপোর্টে।
ভোটের মাঠে শৃঙ্খলা ফেরাতে তৎপর ভ্রাম্যমাণ আদালত। গত ৮ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলা মাসব্যাপী অভিযানে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোট ৪৬১টি ঘটনা চিহ্নিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এর মধ্যে ২৫৯টি ঘটনায় সরাসরি মামলা দায়ের করা হয়েছে। জরিমানা হিসেবে আদায় করা হয়েছে মোট ৩২ লাখ ১৫ হাজার ৯৫০ টাকা।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ ফেব্রুয়ারি একদিনেই সর্বোচ্চ ৩৩টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটে। ওই দিন ১৩টি মামলায় ২ লাখ ৫৪ হাজার টাকার বেশি জরিমানা আদায় করা হয়।
শেষ তিন দিনেও ছিল কড়া নজরদারি। ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা অভিযানে কয়েক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সময়কাল: ৮ জানুয়ারি – ৮ ফেব্রুয়ারি।
মোট মামলা: ২৫৯টি।
জরিমানা আদায়: ৩২ লাখ ১৫ হাজার ৯৫০ টাকা।
নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোনো প্রার্থী বা দল আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে এই অভিযান চলবে।
ইসির এই কঠোর অবস্থান ভোটের মাঠে কতটা শৃঙ্খলা ফেরাতে পারে, সেটাই এখন দেখার বিষয়।