রংপুর–৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবু নাছের মো. মাহবুবের গাড়ি আটকে হেনস্তা করার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় এ ঘটনা ঘটে।
জাপা প্রার্থী আবু নাছের মো. মাহবুব বলেন, “আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে সরেয়ারতল এলাকায় পৌঁছালে এনসিপি ও জামায়াতের কয়েকজন কর্মী আমার গাড়ি থামিয়ে ড্রাইভারের কাছ থেকে জোর করে চাবি নেয়। এলাকায় লোকজন জড়ো হলে তারা চাবি ফেরত না দিয়ে উল্টো তর্কে জড়িয়ে পড়ে।”
তিনি জানান, খবর পেয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে অপর পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় এলাকাবাসী জামায়াতের ওয়ার্ড নেতা মঞ্জুরুল ইসলামকে আটক করে রাখে।
গাড়ি আটকে হেনস্তার খবর ছড়িয়ে পড়তেই জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী ঘটনাস্থলে ছুটে যান। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এসময় সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনা নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ জামায়াত নেতা মঞ্জুরুল ইসলামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। একজনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এখন সবকিছু শান্ত রয়েছে।”