আরএনবি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় তিনজনের একটি দল ঘোরাঘুরি করলে সন্দেহ হয়। পরে স্থানীয়রা তাদের ধাওয়া করলে মোটরসাইকেলে পালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোজাহিদপুর গ্রামের একটি পুকুরে পড়ে যান।
এ সময় শেষ রাতে সেহরির মুহূর্তে ‘ডাকাতের গুজব’ ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ লাঠিসোঁটা নিয়ে বের হন। এরপর পুকুরে আটকে পড়া দুজনকে ধরে বিক্ষুব্ধ জনতা মারধর করে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দলের আরেক সদস্য অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেছে। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব (পিপিএম) জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।