আরএনবি ডেস্কঃ
রাজধানী ঢাকা ও নরসিংদীতে শিশু ও কিশোরী হত্যার মর্মান্তিক তিনটি ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক এই বর্বরোচিত ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে।বিবৃতিতে তিনি তিনটি ঘটনাকে উল্লেখ করেন—ঢাকায় ৬ বছর বয়সী শিশু তাহিয়াকে পাশবিক নির্যাতন শেষে হত্যা,নরসিংদীতে ১৫ বছর বয়সী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা । রাজধানীর হাজারীবাগে এক স্কুলছাত্রীকে নৃশংস হত্যাকাণ্ড
ডা. শফিকুর রহমান বলেন, “এসব ঘটনায় আমরা নগ্ন রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং অনেক ক্ষেত্রে প্রশাসনের শৈথিল্য স্পষ্টভাবে লক্ষ্য করছি।”‘অপরাধীদের রক্ষা ও ভুক্তভোগীদের হুমকি—গণতান্ত্রিক সংস্কৃতি নয়’
বিবৃতিতে তিনি অভিযোগ করেন অপরাধীদের বিচারের বদলে তাদের রক্ষায় কিছু রাজনৈতিক ব্যক্তি এগিয়ে আসছেন, যা মৌলিক মানবাধিকার লঙ্ঘনের শামিল।তিনি বলেন, “শিশু তাহিয়ার হত্যাকে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা কার ইশারায় হয়েছে? মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে—এরা কারা এবং তাদের উদ্দেশ্য কী, তা এখন জনগণ বুঝে গেছে।তিনি আরও যোগ করেন, “দলীয় পদ-পদবি ব্যবহার করে দুর্বল পরিবারগুলোকে দমিয়ে রাখা—এটি কোনো সভ্য রাষ্ট্রের রীতি হতে পারে না।”
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন,ইনসাফের প্রশ্নে কোনো আপস হবে না। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে হবে এবং স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে।এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসনের বিষয়েও রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিবৃতির শেষে তিনি নিহত শিশু ও কিশোরীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “দেশের সকল মজলুমের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই চলবে, ইনশাআল্লাহ।”