পবিত্র রমজান মাস উপলক্ষ্যে অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন ওব্যাট হেল্পার্স রংপুর। সংগঠনের পক্ষ থেকে রংপুর সিটি করপোরেশনের ২৬, ২৭ ও ২৮ নং ওয়ার্ডের এক হাজার (১০০০) অসহায় ও গরীব পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
রমজানের শিক্ষা ও মহিমাকে ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের সাথে ইফতারের আনন্দ ভাগ করে নেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। বিতরণকৃত খাদ্যসামগ্রীর প্যাকেটে ছিলো: চাল, আটা, চিনি, লবণ, ছোলা, আলু, মসুর ডাল ও সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্য।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব মোঃ সামিউল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তত্ত্বাবধান করেন ওব্যাট হেল্পার্স বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব মোঃ শাকিল আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওব্যাট হেল্পার্স রংপুর এর প্রকল্প কর্মকর্তা জনাব মোঃ শাহীনুর রহমান, সংগঠনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ওব্যাট স্কুলের প্রধান শিক্ষিকা মোছাঃ নাছিমা খাতুন ও বিদ্যালয়ের সকল শিক্ষকমণ্ডলী।
বিশাল এই কর্মসূচি সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করেন ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক যুব ও সমাজ উন্নয়ন সংগঠনের স্বেচ্ছাসেবক ও সদস্যবৃন্দ। তাদের সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত ওয়ার্ডগুলোতে সুশৃঙ্খলভাবে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হয়।
ওব্যাট হেল্পার্সের পক্ষ থেকে জানানো হয়, মানবতার সেবায় এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তারা সমাজের বিত্তবান ও শুভানুধ্যায়ীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।