সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির লাইভ আপডেটেও এই তথ্য প্রকাশ পেয়েছে।
মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্যমতে, দূতাবাসের ওপর দুটি ড্রোন আঘাত হানে। এতে কূটনৈতিক কোয়ার্টারে একটি তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং দ্রুত আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে শুধু সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং দূতাবাস ভবনের একটি অংশে আগুন লাগলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের জবাব হিসেবে তেহরান পাল্টা হামলা শুরু করার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনাগুলো টার্গেটে পরিণত হয়েছে। রিয়াদের এই হামলাকে চলমান সংঘাতেরই সর্বশেষ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন—“রিয়াদের কূটনৈতিক জোনের ভেতর থেকে আমরা কালো ধোঁয়া উঠতে দেখেছি। বিস্ফোরণের শব্দ এতটাই প্রবল ছিল যে আশপাশের ভবনেও কম্পন অনুভূত হয়েছে।”
সোমবার কুয়েত এবং জর্ডানে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে। ধারাবাহিক এসব আক্রমণের কারণে উপসাগরীয় অঞ্চলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।
সৌদি আরবে দূতাবাসে হামলার পর যুক্তরাষ্ট্র কড়া সতর্কবার্তা দিয়ে বলেছে—“এই হামলার জবাবে আমরা যথাযথ শক্তিশালী প্রতিক্রিয়া জানাব।”
মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা বাড়তে থাকায় অঞ্চলজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।