আরএনবি ডেস্কঃ
২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান বিশ্বকাপে খেললেও তিনি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নন।
মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরান বিশ্বকাপে অংশ নিলে আমার কিছু যায় আসে না। আমার মতে দেশটি খুব খারাপভাবে পরাজিত অবস্থায় আছে।আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬। এশিয়ান অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে ইতোমধ্যে মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে ইরান। দলটির কয়েকটি ম্যাচ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে।
তবে যুক্তরাষ্ট্র ও ইরানের রাজনৈতিক উত্তেজনা এবং ইরানি নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কঠোরতার কারণে শুরু থেকেই বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে নানা আলোচনা চলছিল।
এ পরিস্থিতিতে চলমান সামরিক উত্তেজনার মধ্যে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে।এ বিষয়ে ট্রাম্পের বক্তব্যের ব্যাখ্যা চাইলে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ টাস্কফোর্সের পরিচালক অ্যান্ড্রু জিউলিয়ানি বলেন, বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে আগত বিপুল সংখ্যক দর্শক ও অংশগ্রহণকারীর নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।
অন্যদিকে ফিফা আগেই জানিয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়া সব দেশ, খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং অংশগ্রহণকারী সবাইকে স্বাগত জানানো হবে।
ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ আগে জানিয়েছিলেন, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে ক্রীড়া কর্তৃপক্ষ।
এদিকে ফিফার মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রম সম্প্রতি বলেছেন, বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করাই সংস্থাটির প্রধান অগ্রাধিকার। বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও ইরানের অংশগ্রহণ নিয়ে ফিফার অবস্থানে পরিবর্তন হয়নি বলে জানা গেছে।