গাইবান্ধা প্রতিনিধি |
গাইবান্ধার পলাশবাড়ীতে পারিবারিক বিরোধের জেরে দাফনের তিন বছর পর এক নারীর মরদেহ কবর থেকে উত্তোলন করে অন্যত্র পুনরায় দাফনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৮ মার্চ) পলাশবাড়ী পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাঁশকাটা এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ওই নারীর মরদেহ তার বড় ভাইয়ের মালিকানাধীন জমিতে দাফন করা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের মধ্যে জমিজমা ও অন্যান্য বিষয় নিয়ে বিরোধ চলছিল।
অভিযোগ রয়েছে, সেই বিরোধের জেরেই বড় ভাই নিজের জমি থেকে বোনের মরদেহ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। পরে রোববার কবর খুঁড়ে মরদেহের অবশিষ্টাংশ উত্তোলন করা হয় এবং সেটি এলাকার অন্য এক ব্যক্তির জমিতে পুনরায় দাফন করা হয়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর কেউ কেউ বলেন, “মানুষ মারা গেলে সব বিরোধের অবসান হওয়া উচিত। কিন্তু তিন বছর পর কবর থেকে মরদেহ তুলে নেওয়ার ঘটনা খুবই দুঃখজনক।”
এ বিষয়ে অভিযুক্ত বড় ভাইয়ের বক্তব্য জানা যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।