রংপুরের পীরগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।
র্যাব-১৩ সূত্রে জানা যায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশব্যাপী মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গঠনে র্যাবের সদস্যরা পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (৯ মার্চ) রাত ১১টা ৫৫ মিনিটে র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার পীরগঞ্জ থানার ১৪ নম্বর চতরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইকলিমপুর গ্রামের হলদিবাড়ি রোডের তিন রাস্তার মোড় সংলগ্ন বটগাছ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় চারজনকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হলে ৪ কেজি গাঁজা, ২৮৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, হানিফ (৪২), আরিফুল (৪৫), আব্দুল মালেক (৩৭), সকলেই ইকলিমপুর গ্রামের বাসিন্দা এবং গাজী শেখ (৫০), ছোটকুয়া গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।