রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মানিক চন্দ্র মহন্তকে (৩২) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১২ মার্চ) র্যাব-১৩ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, মানিক চন্দ্র মহন্ত পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের বড় পাহাড়পুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
অভিযোগ অনুযায়ী, গত বছরের ৩ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে তিনি ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে কৌশলে সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গত ২১ ফেব্রুয়ারি পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে আসামি আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাব। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-১৩ রংপুর ও র্যাব-১১ নারায়ণগঞ্জের একটি যৌথ দল বুধবার (১১ মার্চ) বিকেল ৫টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যা, ধর্ষণ, অপহরণ, রাহাজানি ও মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
























