দেশের জনপ্রিয় নাট্যনির্মাতা কাজল আরেফিন অমি নির্মিত আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’–এ আবারও ফিরছেন অভিনেতা শামীম হাসান সরকার। ব্যক্তিগত মান–অভিমানের কারণে একসময় সিরিজটি ছেড়ে দিলেও অবশেষে সেই দূরত্ব ভুলে আবারও যুক্ত হচ্ছেন তিনি।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের ফেরার বিষয়টি নিশ্চিত করেন এই অভিনেতা।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদ বিশেষ আয়োজন হিসেবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন–৫ এর চ্যাপ্টার–১০ প্রকাশ করা হবে। এতে নতুন করে যুক্ত হবে ৮টি পর্ব (৭৩–৮০)। পর্বগুলো এক্সক্লুসিভভাবে মুক্তি পাবে বঙ্গ অ্যাপে।
ধারাবাহিকটি নিয়ে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন,
“আরেফিনকে ছাড়া ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অরিজিনাল গ্যাং অসম্পূর্ণ। দীর্ঘদিনের অভিমান ও দূরত্ব কাটিয়ে নেহালের উদ্যোগেই আবার ফ্ল্যাটে ফিরছে আরেফিন। কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরেফিন—এই পাঁচ বন্ধুকে আবার একসঙ্গে দেখা দর্শকদের জন্য বিশেষ আনন্দের।”
তিনি আরও জানান, সিজন–৫ এর বড় প্রজেক্টে ব্যস্ত থাকার কারণে এবার ঈদে তার অন্য কোনো কাজ আসছে না। তাই দর্শকদের জন্য বিশেষ যত্ন নিয়ে ঈদ স্পেশাল চ্যাপ্টারটি তৈরি করা হয়েছে।
বঙ্গের চিফ অব কন্টেন্ট মুশফিকুর রহমান বলেন, দর্শকদের ভালোবাসার কারণেই ‘ব্যাচেলর পয়েন্ট’ আলাদা জনপ্রিয়তা পেয়েছে। গত ৯ মাসে সিজন–৫ এর ৭২টি পর্ব প্রকাশের পর এবার ঈদ উপলক্ষে নতুন চ্যাপ্টার–১০ প্রকাশ করা হচ্ছে।
কাজল আরেফিন অমির পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব ও চাষী আলম। নতুন পর্বগুলোতে তাদের সঙ্গে আবারও দেখা যাবে শামীম হাসান সরকারকে।
এ ছাড়া নতুন এপিসোডগুলোতে স্পর্শিয়া ও লামিয়া লামসহ আরও কয়েকজন পরিচিত মুখ থাকবেন বলে জানা গেছে।