তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ এর রংপুর জেলা পুলিশা
সোমবার (৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হোসাইন।
এর আগে রোববার (৫ এপ্রিল) জেলা পুলিশের সম্মেলন কক্ষে উদ্ধার করা মোবাইলগুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্র জানায়, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইলের ঘটনায় ভুক্তভোগীরা সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশের সাইবার ক্রাইম ও মিডিয়া শাখা তথ্যপ্রযুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে ২৬টি মোবাইল উদ্ধার করে। উদ্ধারকৃত মোবাইলগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।
পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে প্রকৃত মালিকদের ডেকে মোবাইলগুলো বুঝিয়ে দেওয়া হয়।
মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
পুলিশ সুপার বলেন, হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিতে পেরে পুলিশ আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।