দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে জীবন-যাপনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাইতাড়া গ্রামের স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার দিনাজপুর প্রেসক্লাব-এ আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. হাফিজুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি জানান, তারা পশ্চিম সাইতাড়া গ্রামের দৈতরখী পীর সাহেবের ওয়ারিশ। সি.এস-৩৭২ ও এস.এ-৩৫৬ খতিয়ানে রেকর্ডভুক্ত ওই সম্পত্তির দখল ও ব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে তাদের পরিবার করে আসছে। তার পিতা মো. খোকা ফকিরের মৃত্যুর পর দুই ভাই, তিন বোনসহ অন্যান্য ওয়ারিশরা মিলেই সম্পত্তির দেখভাল ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করছেন।
তবে সম্প্রতি স্থানীয় পাশ্ববর্তী গ্রামের কয়েকজন ব্যক্তি ওই সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি করে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। অভিযুক্তদের মধ্যে রয়েছেন হরমুজ আলী, সফিকুল ইসলাম, মোকারম হোসেন মুকুল, আলতাফ হোসেন, জিয়ারুল, সাইফুল ও মনছুর আলীসহ আরও কয়েকজন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, অভিযুক্তরা নিজেদের একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত দাবি করে এলাকাবাসীর ওপর চাপ সৃষ্টি করছেন, যার ফলে গ্রামে ভীতি ও অস্থিরতা তৈরি হয়েছে।
এ অবস্থায় ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তাদের জীবন-যাপনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় গ্রামবাসীরাও উপস্থিত ছিলেন।