বরিশাল কেন্দ্রীয় কারাগারে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম হয়েছে। প্যারোলে মুক্তি না পেয়ে কারাগারের ভেতরেই বাবার মরদেহ দেখে শেষ বিদায় জানাতে হয়েছে এক ছাত্রলীগ নেতাকে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। কারাগারে থাকা শাহরুখ আহসান বরিশাল মহানগর ছাত্রলীগের ১৫ নম্বর ওয়ার্ডের সভাপতি।
পরিবার সূত্রে জানা গেছে, শাহরুখের বাবা আবুল বাশার খান (৫৮) বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হৃদ্রোগে মারা যান। তিনি নগরীর বটতলা টেম্পোস্ট্যান্ডে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
বাবার মৃত্যুর পর তাকে শেষবারের মতো দেখার সুযোগ দিতে শাহরুখের পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। তবে দীর্ঘ অপেক্ষার পরও সেই আবেদন মঞ্জুর হয়নি।
শাহরুখের ভাই সালমান খান সাগর জানান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে আবেদন করার পর প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করতে হয়। পরে তাদের কারাগারে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু কারাগারে গিয়ে তারা জানতে পারেন, এ বিষয়ে কোনো নির্দেশনা পৌঁছায়নি।
পরিস্থিতির একপর্যায়ে বিকেল পৌনে ৪টার দিকে অ্যাম্বুলেন্সে করে বাবার মরদেহ কারাগারের সামনে নিয়ে আসেন স্বজনরা। পরে সীমিত সময়ের জন্য মরদেহ কারাগারের ভেতরে নেওয়া হলে শাহরুখকে মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয় বাবাকে শেষবার দেখার জন্য।
শাহরুখের আইনজীবী মিজানুর রহমান মিন্টু বলেন, প্যারোলে মুক্তির আবেদন করা হলেও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তা সম্ভব নয় জানিয়ে জেলগেটে সাক্ষাতের অনুমতি দেন।
এ বিষয়ে বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা জানান, আবেদনটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছিল। জেলা প্রশাসক অফিসে না থাকায় হোয়াটসঅ্যাপে অনুমতি নেওয়া হয় এবং জেলগেটে সাক্ষাতের সিদ্ধান্ত দেওয়া হয়।
উল্লেখ্য, শাহরুখ আহসানকে গত ২৪ এপ্রিল রাতে নগরীর নিউ সার্কুলার রোডের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে বিএনপির অফিসে অগ্নিসংযোগসহ মোট ১১টি মামলার অভিযোগ রয়েছে।