ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন এবার নিজের ব্যক্তিজীবনের একান্ত অধ্যায় নিয়ে কথা বলেছেন। দীর্ঘদিন ব্যক্তিগত বিষয় আড়ালে রাখলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রথম প্রেমের স্মৃতি ভাগ করে নেন তিনি।
তানজিকা জানান, তার জীবনে প্রেমের সংখ্যা কম হলেও প্রতিটি সম্পর্কই ছিল দীর্ঘস্থায়ী। প্রথম প্রেমের অভিজ্ঞতা হয় রাজশাহীতে, যখন তিনি নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ‘অমিত’ নামের এক তরুণের সঙ্গে প্রায় চার বছর সম্পর্কে ছিলেন তিনি।
সেই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে অভিনেত্রী বলেন, ল্যান্ডফোনের যুগে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা আর চিঠি লেখাই ছিল তাদের যোগাযোগের প্রধান মাধ্যম। পরিবারের দেওয়া টিউশনের টাকা বাঁচিয়ে একে অপরকে ছোট ছোট উপহার দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, “রেস্টুরেন্টে মাত্র ২০ টাকার বাজেটে কোক আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়েই আমরা খুব খুশি থাকতাম।” তবে ফোনে বেশি কথা বলার কারণে বড় অঙ্কের বিল আসায় মায়ের বকুনি ও শাস্তিও পেতে হয়েছে তাকে।
স্কুল-কলেজ ফাঁকি দিয়ে পদ্মার পাড়ে ঘুরতে যাওয়ার স্মৃতিও এখনও তাকে নাড়া দেয় বলে জানান এই অভিনেত্রী। মজার ছলে তিনি আরও বলেন, তার সেই প্রথম প্রেমিক এখনও অবিবাহিত।
তানজিকার এই স্মৃতিচারণে উঠে এসেছে একসময়কার সরল প্রেম, আবেগ আর সম্পর্কের নির্মলতার ছবি, যা অনেকের কাছেই হয়ে উঠতে পারে নস্টালজিয়ার এক টুকরো গল্প।