ডেস্ক রিপোর্ট
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি-র জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। ২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
এর আগে গত বছর এই মামলায় আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৫ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে অংশ নেন আসাদুল হক বাবু। সেদিন দুপুর আড়াইটার দিকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় একই বছরের ৩০ আগস্ট নিহতের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা-সহ ২৫ জনকে আসামি করা হয়। এজাহারে নাসির উদ্দিন সাথীকে ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।