মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে শতাধিক শিক্ষার্থী মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ করেছে।সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা মাদককে না বলার পাশাপাশি নিজ পরিবার ও সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সম্মিলিত উদ্যোগের কোন বিকল্প নেই।এ সময় শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা।
শুক্রবার(৫ জুন)বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আগামীর বাংলাদেশ’ আয়োজিত মাদকবিরোধী প্রচারণা ও কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের এক পর্যায়ে মাদক গ্রহণ না করার শপথ গ্রহণ করেন শিক্ষার্থী ও আয়োজকরা।
এর আগে সংগঠনটি উপজেলার সকল কলেজে কুইজ প্রতিযোগিতার পাশাপাশি কয়েক হাজার শিক্ষার্থীকে মাদকবিরোধী শপথ পাঠ করান।
সংগঠনটি ১২ বছর ধরে বদরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা দিয়ে আসছে আগামীর বাংলাদেশ এর অঙ্গ সংগঠন অণ্বেষণ প্লাস ফ্রী বিশ্ববিদ্যালয় প্রস্তুতি প্রোগ্রামের মাধ্যমে।বিনামূল্যে শিক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, নার্সিং ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭৪ জন শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পেয়েছে। একাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে পড়াশোনার পাশাপাশি গরীব মেধাবী শিক্ষার্থীদের বই, নগদ আর্থিক অনুদানের ব্যবস্হা করে থাকে সংগঠটি।পাশাপাশি মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম করে থাকে।আগামীতে বদরগঞ্জের বাড়ি বাড়ি এই আলো ছড়িয়ে দিতে চায় এই সংগঠন।
অনুষ্ঠানে আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় আগামীর বাংলাদেশের সভাপতি মোঃ সেলিম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা,আগামীর বাংলাদেশের স্থায়ী পরিষদ সদস্য সানোয়ার খান, ডা. মো আরিফুর রহমান, এখন টেলিভিশনের রংপুর ব্যুরো ইনচার্জ মোকাররম হোসাইন,অ্যাডভোকেট সাব্বির হোসেন,ইঞ্জিনিয়ার শামীম আহমেদ,ঢাবি শিক্ষার্থী লুত হাসান,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের( বেরোবির) আরিফ হাসান,সাজ্জাদ হোসাইন সাজু, বেরোবির আব্দুর রহমান প্রমুখ।
এ সময় ‘আগামীর বাংলাদেশ’ এর স্হায়ী পরিষদ সদস্য ডা মো আরিফুর রহমানকে ৪৮ তম বিসিএস (স্বাস্থ্য) মেডিকেল অফিসার হিসেবে যোগদান করায় সংবর্ধনা প্রদান করা হয়।
পরে কুইজ প্রতিযোগিতায় কুতুবপুর ডিগ্রী কলেজের ফাহিম হোসেন প্রথম, লালদীঘি পীরপাল কলেজের ফাল্গুনী আক্তার দ্বিতীয় ও বদরগঞ্জ সরকারি কলেজের মারুফ হোসেন তৃতীয় স্থান অধিকার করে পুরস্কার লাভ করেন।
এ সময় এখন টেলিভিশনের রংপুর ব্যুরো ইনচার্জ মোকাররম হোসাইন বলেন,এটি এমন একটি সংগঠন উপজেলার কোন শিক্ষার্থী বিপদে পড়লে এই সংগঠনের শরণাপন্ন হওয়া মাত্রই সমাধানের চেষ্টা করে।এই ধারাবাহিকতায় ১২ বছর চলছে সংগঠনটি। আগামীতে উপজেলাকে শিক্ষার নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে কিছু যুবক।পাশাপাশি যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
‘আগামীর বাংলাদেশ’এর সভাপতি সেলিম সরকার বলেন,সংগঠনটির মাধ্যমে দীর্ঘ কয়েক বছর ধরে উপজেলার শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার পাশাপাশি বিভিন্ন সময় শিক্ষাবৃত্তি, ভর্তি সহযোগিতা,এবং বাড়ি বাড়ি উচ্চ শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা বলেন,এরকম একটি স্বেচ্ছাসেবী সংগঠন যারা প্রতিবছর কয়েকশো শিক্ষার্থীকে বিনামূল্যে পড়াশোনা করান এটি বাংলাদেশে প্রশংসনীয় উদ্যোগ ।যারা শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াশুনা করান আবার বিশ্ববিদ্যালয়ের ভর্তির খরচ পর্যন্ত সরবরাহ করেন।এই আগামীর বাংলাদেশ শুধু বদরগঞ্জে না অন্যান্য উপজেলাতেও যেন এমন বার্তা পৌঁছে দিতে পারে। এই সংগঠনের মাধ্যমে পুরো উপজেলা শিক্ষার্থীরা যাতে সুযোগ-সুবিধা পেতে পারে। এমন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর পাশে বিত্তবানদের দাঁড়ানোর পাশাপাশি সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।