বিশ্বকাপের ‘এল’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে বুধবার রাতে ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে জোড়া গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হ্যারি কেইন। এতে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের যৌথ রেকর্ড গড়লেন তিনি।
ঘটনাবহুল এক পেনাল্টিতে দ্বাদশ মিনিটে এগিয়ে যায় ইংল্যান্ড। বক্সে ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচ ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। প্রথম দফায় কেইনের শট ঠেকিয়ে দেন গোলকিপার। কিন্তু শট নেওয়ার আগেই তিনি লাইন ছেড়ে বেরিয়ে আসায় ভিএআরের সাহায্যে পুনরায় শট নিতে দেন রেফারি। এবার আর ভুল করেননি ইংল্যান্ড অধিনায়ক। বিশ্বকাপের মঞ্চে এটি কেইনের পঞ্চম পেনাল্টি গোল (টাইব্রেকার বাদে)।
বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি থেকে এত গোল করতে পারেননি আর কোনো ফুটবলার। এ রেকর্ড গড়ার পথে কেইন ছাড়িয়ে গেছেন বিশ্বকাপে যৌথভাবে ৪ গোল করা লিওনেল মেসি, ইউসেবিও, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও রব রেনসেনব্রিঙ্ককে।
হ্যারি কেইন দ্বিতীয় গোলটি করেন ম্যাচের ৪২ মিনিটে। বিশ্বকাপে এটি ইংলিশ স্ট্রাইকারের ১০ম গোল। বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে এটি সর্বোচ্চ গোলের যৌথ রেকর্ড।
এর আগে, ইংল্যান্ডের জার্সিতে গ্যারি লিনেকার বিশ্বকাপে ১০ গোল করেছিলেন। গতকালের জোড়া গোলে সেই রেকর্ডে ভাগ বসালেন কেইন।