প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক মির্জা আবুল বাশার মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাকে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসা থেকে গ্রেফতার করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন এই অভিনেত্রী।
গুলশান থানা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা মির্জা আবুল বাশার মামুনের অবস্থান শনাক্ত করে শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে রাজধানীর গুলশানের একটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন গুলশান থানার ওসি (অপারেশন) মো. মিজানুর রহমান।
পুলিশ জানায়, অভিযানের সময় প্রাথমিক তল্লাশিতে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে বাথরুমের ফলস সিলিংয়ের ভেতরে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।
তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।
গ্রেফতারের পর কয়েকটি গণমাধ্যমে বাশার মামুনকে ববির ‘কথিত স্বামী’ উল্লেখ করে এবং তার বাসা থেকে গ্রেফতারের দাবি করে সংবাদ প্রকাশ করা হয়। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী ববি বলেন, “যেখান থেকে এই বাশারকে গ্রেফতার করা হয়েছে, সেই এলাকায় আমার কোনো বাসা নেই। তার সঙ্গে আমার এমন কোনো সম্পর্কও নেই যে সে আমার বাসায় যাতায়াত করবে। আমার বাসা থেকে তাকে গ্রেফতারের খবরটি সম্পূর্ণ মিথ্যা।”
তিনি আরও বলেন, “যারা আমাকে জড়িয়ে এ ধরনের সংবাদ প্রকাশ করেছেন, তাদের উচিত ছিল সংবাদ প্রকাশের আগে আমার বক্তব্য নেওয়া।”
এদিকে গ্রেফতারের আগে ধারণ করা একটি ভিডিও বার্তায় মির্জা আবুল বাশার মামুনও ববির সঙ্গে কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করেন।
ভিডিওতে তিনি বলেন, “নায়িকা ববির সঙ্গে আমার পারিবারিক বা ব্যবসায়িক কোনো সম্পর্ক নেই। তিনি আমার কোনো প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও নন। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, বাশার মামুনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাৎসহ একাধিক অভিযোগ রয়েছে। বর্তমানে তাকে গুলশান থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।