২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় হারের পর রেফারিং নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষোভ প্রকাশ করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। একই সঙ্গে পুরো টুর্নামেন্টজুড়ে দলের প্রতি সমর্থন জানানো দেশ-বিদেশের সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে সংস্থাটি।
শেষ ষোলোর ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। তবে শেষ মুহূর্তে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ম্যাচ শেষে দেওয়া এক বিবৃতিতে ইএফএ জানায়, বিশ্বকাপজুড়ে দেশের ভেতরে ও বাইরে থাকা লাখো সমর্থকের অকুণ্ঠ সমর্থন জাতীয় দলের জন্য ছিল বড় অনুপ্রেরণা। খেলোয়াড়রা সম্মান, সাহস ও দৃঢ়তার সঙ্গে খেলেছেন এবং মাঠে মিশরের পরিচয় ও চেতনা তুলে ধরেছেন।
তবে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারিং এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহারের বিষয়ে নীরব থাকা সম্ভব নয় বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, ম্যাচের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। এসব সিদ্ধান্তের ধারাবাহিকতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে, যা সরাসরি ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে।
ইএফএর দাবি, দেশি-বিদেশি অনেক ফুটবল বিশেষজ্ঞ ও বিশ্লেষকও ম্যাচের একাধিক বিতর্কিত সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাদের মতে, বিশ্বকাপের মতো বড় আসরে সর্বোচ্চ মানের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।
মিশর ফুটবল অ্যাসোসিয়েশন আরও জানায়, তারা সবসময় ফেয়ার প্লে, ক্রীড়াসুলভ মানসিকতা এবং ফুটবলের প্রতি শ্রদ্ধার নীতিতে বিশ্বাস করে। সেই নীতির আলোকে প্রতিটি দলের জন্য সমান সুযোগ ও সমান আচরণ নিশ্চিত হওয়া উচিত। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে যা ঘটেছে, তা খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সমর্থকদের মধ্যে স্বাভাবিকভাবেই হতাশা তৈরি করেছে।
বিবৃতিতে বলা হয়, জাতীয় দলের অধিকার ও স্বার্থ রক্ষা করা ফেডারেশনের দায়িত্ব। মিশরের জার্সি গায়ে মাঠে নামা প্রতিটি খেলোয়াড় এবং দলের পাশে থাকা প্রতিটি সমর্থক ন্যায়বিচার, সম্মান এবং ফুটবলের আইন সমানভাবে প্রয়োগের দাবি রাখেন।
সবশেষে দলের পারফরম্যান্সের প্রশংসা করে ইএফএ জানায়, বিতর্কিত এই ম্যাচের ফলাফল এখন ইতিহাসের অংশ হলেও দলের প্রতি তাদের গর্ব অটুট। পুরো টুর্নামেন্টে খেলোয়াড়দের সাহস, নিষ্ঠা ও লড়াকু মানসিকতা মিশরীয় ফুটবলের প্রকৃত মূল্যবোধ তুলে ধরেছে।
সমর্থকদের উদ্দেশে বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় দলের হৃদয় ও শক্তি হয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সমর্থনই আমাদের আরও শক্তিশালী করবে এবং মিশরীয় ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে অনুপ্রেরণা জোগাবে।’