বলিউডের সুপারস্টার আমির খান আবারও প্রেমে পড়েছেন—এমন খবরেই জমে উঠেছে ভারতীয় বিনোদন অঙ্গন। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে প্রথমবার প্রকাশ্যে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে পরিচয় করিয়ে দিয়েছেন অভিনেতা। জানিয়েছেন, জীবনের এই বয়সে এসে নতুন সঙ্গী পাওয়াটা যেন তার জন্য এক ধরনের সৌভাগ্য।
অনুষ্ঠানে আমির বলেন, “সত্যি বলতে কখনো ভাবিনি আবার প্রেমে পড়ব। মনে করেছিলাম, জীবনে আর কাউকে সঙ্গী হিসেবে পাব না। কিন্তু একেবারে অপ্রত্যাশিতভাবে গৌরী এসেছে।”
গৌরীর প্রশংসায় অভিনেতা আরও বলেন—“সে আমার জীবনে অনেক শান্তি আর স্থিরতা এনেছে। সে অসাধারণ এক মানুষ। তাকে পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করি।”
গৌরীর সঙ্গে আমিরের হাত ধরে জনসমক্ষে উপস্থিত হওয়া, নিয়মিত একসঙ্গে দেখা যাওয়া—সব মিলিয়ে বলিউডে তাদের সম্পর্ককে ঘিরে চলছে সরব আলোচনা।
ব্যক্তিজীবনের পুরোনো অধ্যায় নিয়েও খোলামেলা ছিলেন আমির খান। সাবেক স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাওয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন— “বিবাহ টেকেনি ঠিকই, কিন্তু সম্পর্ক উষ্ণ আছে। রীনা, কিরণ, তাদের পরিবার আর আমার পরিবার—সবাই মিলেই আমরা আসলে এক বড় পরিবার।”
১৯৮৬ সালে শৈশবের বান্ধবী রীনা দত্তকে বিয়ে, দুই সন্তান: জুনায়েদ খান ও ইরা খান, ২০০২ সালে বিচ্ছেদ, ২০০৫ সালে বিয়ে কিরণ রাওকে, দাম্পত্যে এক পুত্র সন্তান, ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা, তবে বন্ধুত্ব অটুট, বর্তমানে গৌরী স্প্র্যাটকে নিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন আমির খান।
সূত্র: এনডিটিভি