ছত্তিসগড়ের শক্তি জেলায় বয়লার ফেটে ভয়াবহ দুর্ঘটনা। বিস্ফোরণে কমপক্ষে ১০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর ভাবে আহত হয়েছেন একাধিক শ্রমিক। জেলার সিংহিতারি গ্রামে অবস্থিত বেদান্তর বিদ্যুৎকেন্দ্রে মঙ্গলবার দুপুরে ঘটেছে এই দুর্ঘটনা।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ দিন প্ল্যান্টের ভিতরেই আচমকা এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরই কারখানায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রাণ বাঁচাতে শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সবাই মিলে একসঙ্গে কারখানা থেকে বের হওয়ার চেষ্টা করতেই ঘটে বিপত্তি। ঘটনাস্থলে কার্যত পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এতেই অন্তত ৩০ থেকে ৪০ শ্রমিক আহত হয়েছে বলে খবর।
ঘটনার পরেই দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্ল্যান্ট চত্বর জুড়ে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পুলিশ কর্মীরা ধ্বংসস্তূপ থেকে শ্রমিকদের বের করে আনেন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। অ্যাম্বুল্যান্সে প্রসবের চেষ্টা আশাকর্মীর, সদ্যোজাতের মুণ্ড ছিড়ে রয়ে গেল গর্ভেই
সূত্রের খবর, বিস্ফোরণে আহত শ্রমিকদের মধ্যে অনেকেই গুরুতর ভাবে দগ্ধ হয়েছেন। তাঁদের অবস্থা সঙ্কটজনক। কী কারণে এই ভয়াবহ বিস্ফোরণ, তার সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কোনও কারণ—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। খতিয়ে দেখান হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণও।
এই ঘটনার পর আবারও শিল্পাঞ্চলে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। বিশেষ করে এই ধরনের বিদ্যুৎকেন্দ্রগুলিতে রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তার মান সঠিক ভাবে বজায় রাখা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।