চার দিনের ভোগান্তি শেষ করে অবশেষে নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল পুনরায় শুরু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রংপুর বাস-মিনিবাস মালিক সমিতির অধীনে চলাচলকারী সব বাস রুটে নামা শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম।
জানা যায়, কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির দপ্তর সম্পাদক সফিকুল ইসলামের সঙ্গে লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে রংপুর বাস-মিনিবাস মালিক সমিতির কয়েকজন নেতা তাকে মারধর করেন। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত নীলফামারী জেলা শ্রমিক ইউনিয়ন রংপুর জেলার আওতাধীন সব বাস চলাচল বন্ধ ঘোষণা করে।
ঝামেলা নিরসন ও আলোচনার মাধ্যমে দুই পক্ষ সমঝোতায় আসার পর আজ থেকে রংপুর, সৈয়দপুর, জলঢাকা ও নীলফামারী রুটে বাস চলাচল স্বাভাবিক করা হয়। এতে কয়েকদিনের দুর্ভোগ শেষে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সৈয়দপুর নিয়ামতপুর এলাকার যাত্রী হাসান আলী বলেন, “প্রতিদিন রংপুরে আসা-যাওয়া করি। বাস বন্ধ থাকায় প্রচণ্ড দুর্ভোগে পড়তে হয়েছিল। আজ চলাচল স্বাভাবিক হওয়ায় ভালো লাগছে।” আরেক যাত্রী হালিম বলেন, “চার দিন ধরে বাস না থাকায় নানা ভোগান্তিতে পড়তে হয়। আবার চালু হওয়ায় স্বস্তি মিলেছে।”
নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন,
“লেনদেনসংক্রান্ত ঘটনায় আমাদের এক শ্রমিককে মারধর করা হয়েছিল। তাই বাস চলাচল বন্ধ করা হয়েছিল। আলোচনার মাধ্যমে সমস্যা মিটে যাওয়ায় বাস এখন স্বাভাবিকভাবে চলবে।”