টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে মহেড়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে ট্রেন, দুর্ভোগে পড়েন যাত্রীরা।
মহেড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইন থেকে সরে যায়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।